অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১০ কিশোর-তরুণকে আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে ও শনিবার ভোরে তাদের মধ্যে ১০৩ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাই তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাদের হেফাজতে নেয়া হয়েছে।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ মানবজমিনকে জানান, ওই সাতজনের বিরুদ্ধে আগের কিছু অভিযোগ রয়েছে পুলিশের কাছে। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। ১১০ জনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাইয়ের পর ১০৩ জনকে ছেড়ে দেয়া হয়। যাদের ছেড়ে দেয়া হয়েছে তাদের পরিবারের অভিভাবকদের ডেকে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। যাদের ছাড়া হয়নি তাদের ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।









