প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজশাহী আসছেন। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।
বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ একাডেমিতে আসবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি প্যারেড গ্রাউন্ডে যাবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন। পরে নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।









