কুড়িগ্রাম-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) গণভবনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশি বাজিয়ে ও পতাকা উড়িয়ে নতুন ট্রেনের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামকে আমি মজা করে বলতাম কুইড়্যা গ্রাম। এখন আর কুইড়্যা গ্রাম নেই। অনেক উন্নত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতিটাও প্রয়োজন। আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটা শুনতে না হয়, সে ব্যবস্থা আমরা করেছি।’
প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে কুড়িগ্রামে আয়োজিত অনুষ্ঠানে ‘ও কি গাড়িয়াল ভাই’ ভাওয়াইয়া গান পরিবেশন করা হয়। গান শোনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘এই গানের প্রচারেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রেলের উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এতে এলাকারও উন্নয়ন হবে। কুড়িগ্রামের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগামীতে আরও হবে। ও কি গাড়িয়াল ভাই গানের রেশ ধরেই আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।’
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করবে। প্রতিদিন কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে সকাল ৭টা ২০ মিনিটে এবং রাত পৌনে ৯টায় ঢাকা ছাড়বে কুড়িগ্রামের উদ্দেশে। কুড়িগ্রামের জন্য বরাদ্দ সিট ১৪৪টি। এর মধ্যে শোভন-১১০টি, এসি চেয়ার স্নিগ্ধা-২৫টি এবং এসি সিট- ৯টি।
কুড়িগ্রাম এক্সপ্রেস যাওয়া-আসার পথে বিরতি দেবে কাউনিয়া- রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধনগর-ঢাকা/ঢাকা বিমানবন্দর স্টেশনে।
কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিটের মূল্য শোভন চেয়ার ৫১০ টাকা, ভ্যাটসহ এসি চেয়ার স্নিগ্ধায় ৯৭২, এসি সিটে ১ হাজার ১৬৮ এবং এসি বার্থ ১ হাজার ৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিকভাবে কুড়িগ্রাম এক্সপ্রেসের কার্যক্রম শুরু হবে ১৭ অক্টোবর।









