বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সকল আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানরা শপথ গ্রহণ করেছেন। আজ দুপুর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১টা ২০ মিনিটে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, মাঠের আন্দোলন শেষ হলেও দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে পর্যোবেক্ষণ চলবে।
গণশপথকে সফল করতে সকাল ১১টা থেকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় গণশপথ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের কিছু পরে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর দেড়টার দিকে শেষ হয়।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর থেকেই তার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত ৭ অক্টোবর থেকে চলা এ আন্দোলন আজকের গণশপথের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার পর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
তাদের আন্দোলনের মুখে ইতোমধ্যে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে বুয়েট প্রশাসন। এসব দাবি বাস্তবায়নের বিষয়ে নোটিশও প্রদান করা হয়েছে। এমন প্রেক্ষাপটেই শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে ইতি টানার সিদ্ধান্ত নেয়।









