কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে ছেঁড়া ও মলিন পতাকা উড়ানো যাবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কোনো ধরনের আলোকসজ্জা কেউ করতে পারবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু নিয়মনীতি রয়েছে। এরমধ্যে জাতীয় পতাকার নির্দিষ্ট মাপ ও অন্যান্য বিষয় রয়েছে। জাতীয় পতাকার নির্দিষ্ট মাপ ছাড়া কোনও পতাকা ব্যবহার করা যাবে না। এছাড়া, মলিন, ছেড়া, রঙ চটা পতাকা উত্তোলন করা যাবে না। শুধুমাত্র ১৬ ডিসেম্বর যেকেউ পতাকা উত্তোলন করতে পারবেন। পরদিন পতাকা নামিয়ে ফেলতে হবে।’
তিনি বলেন,‘ বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী ও বিতর্কিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে না। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’
সড়কপথে যান চলাচল সচল রাখতে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পুলিশের আইজিসহ আইনশৃঙ্খলা বহিনীর প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজয় দিবসে জেলাখানা, হাসপাতাল, এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হবে।









