জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবীরা এ আপিল দায়ের করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের ২৯ অক্টোবর খালেদাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই দণ্ড দেয়া হয় তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ আরও তিনজনকে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর দেয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি প্রধান। পাশাপাশি জামিন চেয়ে আবেদন জমা দেন।
৩০ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে। একই সাথে মামলার নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর জন্য বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামানকে নির্দেশ দেয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।
অরফানেজের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। পরে হাইকোর্ট সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে। এ রায়ের বিরুদ্ধে তার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।









