কাঠমান্ডু এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতেছেন হোমায়রা আক্তার। সোনার অপেক্ষাটা ছিলই। সে অপেক্ষারই অবসান ঘটালেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম সোনার পদকটি জিতেছেন তিনি।
তায়কোয়ান্দোর ২৯ অথবা এর বেশি ওজনের প্রতিযোগীদের ইভেন্ট পুমসের মাধ্যমেই এবার কাঠমান্ডুতে প্রথমবারের মতো বাজল দেশের জাতীয় সংগীত।
তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে সোনার তালিকায়ও নাম উঠল বাংলাদেশের।
স্বর্ণ জেতার পথে দিপু চাকমার স্কোর ছিলো ১৬.২৪। তিনি পরাজিত করেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।
এমন অর্জনের পর প্রতিক্রিয়ায় দিপু বলেন, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বিশ্বাস করতে পারছি না যে স্বর্ণ জিতেছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
এদিকে আজ (সোমবার) পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর দুইটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক।
ভলিবল ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।
প্রথম সেটে বড় ব্যবধানে হারের পর (২৫-১৫) দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াই করলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সেটে ২৫-২১ আর তৃতীয় সেটে ২৬-২৪ ব্যবধানে হেরে যায় লাল সবুজ জার্সিধারীরা।









