গণতন্ত্র রক্ষার স্বার্থে নির্বাচনে অংশ নেব: ফখরুল

0
232

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্র রক্ষার স্বার্থে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে দলের মহাসচিব এসব কথা বলেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

এদিন সকাল ১০টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব।

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এবং জনগণের যে রায় এখানে তা প্রতিফলিত হয় না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করছি।’

ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি ত্রুটিপূর্ণ অভিযোগ করে ফখরুল বলেন, ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে না, তাই আমরা বিশ্বাস করি, এ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দুই সিটি নির্বাচনে ইভিএম প্রত্যাহারের দাবি জানান তিনি।

নতুন বছর জনগণ ঐক্যবদ্ধ হবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, নতুন বছরে মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, লড়াই করবে। অসত্যকে পরাজিত করবে, অসুন্দরকে পরাজিত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবে। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here