ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের কাছে তিনি (ভুক্তভোগী ছাত্রী) ঘটনার বর্ণনা দিয়েছেন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ঘটনা শোনার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে।’
র্যাব সূত্র জানায়, ঝোপের মধ্য থেকে ইউনিভার্সিটির বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে স্থানে আলামতগুলো পাওয়া গেছে সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে।
এদিকে গণধর্ষণের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে।
প্রসঙ্গত ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী গণধর্ষণের শিকার হন।









