মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে…

0
863

নুরে আলম সিদ্দিকী:
সমগ্র বিশ্বের উন্নয়নের রোল মডেল ও বিশ্ব স্বীকৃত মানবতাবোধের মূর্ত প্রতীক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার উদ্দেশে খোলা চিঠিঃ-

মাননীয় প্রধানমন্ত্রী; আপনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং চার বারের সফল প্রধানমন্ত্রী। দেশ পরিচালনা করতে গিয়ে নিজের আরাম আয়েশ ভুলে গেছেন। এ দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে মন্ত্রীদের সব খবর নিজে রাখেন। সমস্যা হতে উত্তোরনের দিক নির্দেশনা দেন। আধুনিক বিশ্বে সহানুভূতিশীল এ ধরনের প্রশাসন পরিচালনা একটি বিরল ঘটনা। তাইতো আপনার হাত ধরে অব্যাহত উন্নয়নের অভিযাত্রায় দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

আপনি হাল ধরে থাকলে খুব শীঘ্রই উন্নত দেশ হিসেবে আমার সোনার বাংলা সারা বিশ্বের নজর কাড়বে। আপনার দূরদর্শী নেতৃত্বে অনেক সেক্টরে আমরা এগিয়ে গেছি যা উপমহাদেশের কোন দেশই পারেনি। সারা বিশ্বের কাছে এ মুহূর্তে আপনি মানবতার রোল মডেলও। কারণ নির্দয় ও নির্মম অত্যাচারে যখন বিশ্ববিবেক জাগ্রত হয়নি তখন বিশ্বে একমাত্র ব্যক্তি হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হয়ে ১০ লক্ষ এর অধিক রোহিঙ্গাকে নিরাপদ আবাস, খাদ্য, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে এ বোঝা সাফল্যের সাথে এখনো বয়ে বেড়াচ্ছেন। ধারনা করি এত বড় চাপিয়ে দেয়া দায় উন্নত বিশ্বের ধ্বজাধারীরাও সামাল দিতে পারতো না।

তাই আপনি যদি হাল না ধরে রাখতেন তাহলে হয়ত আমাদের দেশ আফগানিস্থান, পাকিস্থান বা সিরিয়া হয়ে যেত। আপনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আর এটাই আমার মত সাধারণ নাগরিক এর সৌভাগ্য। এ কারনে যে আমাদের নাড়ীর স্পন্দন আপনি ঠিকই বুঝতে পারেন। দারিদ্রসীমার নীচ থেকে আপনার দূরদর্শী নেতৃত্বে আমরা ভিক্ষার ঝুলি থেকে পেয়েছি পকেটে ১৯০০ মার্কিন ডলার।

নেত্রী, আপনার কাছে করজোড়ে একটা নিবেদন করতে চাই। আমি মুক্তিযুদ্ধ দেখি নাই। কিন্তু আপনার লেখা বইসহ মুক্তি যুদ্ধের উপরে লেখা অসংখ্য বই পড়ে জেনেছি এবং উপলব্ধি করেছি যে, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা যুদ্ধ করেছিল সেই সূর্য সৈনিক মহান মুক্তিযোদ্ধারা কোনরূপ টাকা পয়সার জন্য যুদ্ধ করে নাই। যুদ্ধ করে নাই কোনোরূপ বৈষয়িক লাভের জন্য। তারা এই সোনার বাংলাকে ভালোবেসে বাংলা মায়ের উপর বিদেশী শোষণ শাসন অত্যাচারকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান দিয়েছেন যা অন্য কেউ দেন নাই। আপনি দিয়েছেন কারণ আপনি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা।

হাদিসে আছে সামর্থ থাকলে হজ্জ করা ফরজ। আজ আপনার হাত ধরে বাংলাদেশের সামর্থ অনেক গুন বেড়েছে। আজ আমরা সামর্থবান হয়েছি। কারণ মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলো বলেই দেশে সর্বাঙ্গীন উন্নয়ন আপনার নেতৃত্বে ঘটেছে। তাই আপনার কাছে একটি বিনীত প্রার্থণা আপনি আগামী বছর যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনোও হজ্জ করতে পারেনি বা সামর্থ হয়নি কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন আপনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা হিসেবে তাদেরকে হজ্জ পালনের ব্যবস্থা করে দিবেন।

আপনার এ মহতী উদ্যোগ অনেক মুক্তিযোদ্ধার জীবনে পরম পাওয়া হিসেবে পরিগণিত হবে বলেই ধারণা করি। যারা একদিন দেশের জন্য জীবন উৎসর্গ করার প্রতিজ্ঞা করে গাজী হয়ে ফিরে এসেছিলেন পবিত্র মক্কা মোর্কারম আর নবী করিম (সাঃ) – এর রওজায় সকল ধর্মীয় কর্মশেষে তাঁদের সম্মেলিত দোয়া আশা করি দেশ ও জাতির জন্য বয়ে আনবে অপার মঙ্গল। আমি জানিনা এ খোলা চিঠি আপনার নজরে আসবে কিনা বা কেউ আপনার নজরে আনবে কিনা তবুও আশা করে থাকবো এটা আপনার নজর এড়াবেনা। আপনার পদক্ষেপের দিকে চেয়ে থাকলাম।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমার খোলা চিঠির এখানেই ইতি টানছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here