সংসদের বিশেষ অধিবেশন আজ সন্ধ্যায়

0
190

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ রোববার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে। এটি হবে একাদশ সংসদের দশম অধিবেশন। এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন। এটি বিশেষ অধিবেশন হলেও কার্যদিবস চলবে সাধারণ অধিবেশনের মতোই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনাবাইরাসের কারণে তা স্থগিত করা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন।

সংসদ কক্ষে স্পিকার যেখানে বসেন, তার পেছনে উপযুক্ত জায়গায় জাতির জনকের প্রতিকৃতি মর্যাদার সঙ্গে প্রদর্শন ও সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আদেশ দিয়েছে হাইকোর্ট। আগস্টে হাইকোর্টের দেওয়া ঐ আদেশের কপি পাওয়ার পরপরই অধিবেশন কক্ষে ছবি টাঙিয়েছে সংসদ কর্তৃপক্ষ।

তবে এরমধ্যে সংসদের অধিবেশন হয়নি। বিশেষ অধিবেশনই হবে প্রথম অধিবেশন, যেখানে সংসদ কক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকবে। এর মাধ্যমে সংসদ সদস্যরাও প্রথমবারের মতো অধিবেশন কক্ষে জাতির পিতার ছবি দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here