হাসপাতালে এএসপি আনিসুলের মৃত্যুর ঘটনায় মামলা

0
205

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আনিসুল করিম শিপনের বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহিদুজ্জামান।

এদিকে, মারধর করে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। আজ দুপুরের দিকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর ১২টার শ্যামলীতে তেঁজগাও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে ব্রিফ করবেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে ওই ঘটনায় সম্পৃক্ততার দায়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শেরেবাংলা থানা পুলিশ। আটককৃতদের মধ্যে হাসপাতালের ব্যবস্থাপকও রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া সিসিটিভি ভিডিও ফুটেজ আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ। যেখানে দেখাযায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে টেনে-হিঁচড়ে ও ধস্তাধস্তি করে একটি কক্ষে নিয়ে যায় হাসপাতালের ছয় স্টাফ। দ্বিতীয় তলার ওই কক্ষে নেওয়ার পর তাকে মেঝেতে উপুর করে চেপে ধরা হয়। তাকে সেখানে ধস্তাধস্তির সময় মারধরও করা হয়। ধস্তাধস্তির ঠিক ৪ মিনিটের মাথায় একেবারে নিস্তেজ হয়ে যান পুলিশ কর্মকর্তা।

পরে সোমবার (৯ অক্টোবর) সাড়ে ১১টার দিকে সিনিয়র এএসপি আনিসুল করিমকে হাসপাতালে নেয়া হয়, ১২টার মধ্যে ওই হাসপাতালে মারা যান তিনি। এদিকে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হলে বিকেলে মৃত আনিসুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, হাসপাতালের স্টাফদের ধস্তাধস্তির এক পর্যায়ে এএসপি আনিসুল করিমের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পেয়ে নির্দিষ্ট করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। এছাড়াও হাসপাতালের স্টাফসহ ৬/৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

উল্লেখ্য, নিহত আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি এক সন্তানের জনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here