কলকাতার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। ১৫ নভেম্বর, রোববার কলকাতার ডেলভিউ হাসপাতালে মারা গেছেন তিনি।তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছিলো না বলে জানা গেছে।
কলকাতার একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৩ নভেম্বর, শুক্রবার সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় ৩০ ঘণ্টা পার হয়ে গেলেও কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিলো না বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।
তিন দিন আগে শ্বাসনালীতে অস্ত্রোপচার হয় সৌমিত্রের। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালীতে অস্ত্রোপচারের পর সৌমিত্রের প্লাজমা থেরাপিও করা হয়।
ওপার বাংলার সিনেমার বর্ষীয়ান এই অভিনেতা করোনায় আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর কয়েক দফায় তার শারীরিক অবস্থার অবনতি ও উন্নতির খবর পাওয়া যায়। করোনা থেকে মুক্ত হয়েছিলেন সৌমিত্র। তবে অন্যান্য জটিল রোগের কাছে পরাস্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এই কিংবদন্তি।
সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন প্রযোজক, গল্পকার, কবি, আবৃত্তিকার৷ মঞ্চেও দুর্দান্ত একজন অভিনেতা ছিলেন। পেশাজীবন শুরু করেছেন ভয়েস আর্টিস্ট হিসেবে৷ পরে সিনেমার জন্য ডাক পান ১৯৫৯ সালে, অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার জন্য।









