সমুদ্র সম্পদকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে চাই : প্রধানমন্ত্রী

0
195

বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এই সমুদ্র সম্পদকে অর্থনীতিতে কাজে লাগাতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ১৫ নভেম্বর, রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোস্টগার্ডের ৯টি জাহাজ ও একটি ঘাঁটি কমিশনিং-এর অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনা করতে গেলে অনেক সময় অনেকের অনেক উপদেশসহ নানা কিছু শুনতে হয়। খুলনা শিপইয়ার্ড নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল সেটি লাভজনক হচ্ছে না, ওটা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি ১৯৯৬ সালে সরকারে আসি তখন বলি এটা বন্ধ করবো কেন? কারণ আমাদের সমুদ্রসীমা অর্জন করতে হবে, এটা আর কেউ না জানুক আমি জানতাম এবং আমাদের পরিকল্পনা ছিল। তাছাড়া নদীমাতৃক বাংলাদেশ আমাদের। একটা শিপইয়ার্ড একান্তভাবে দরকার। এক সময় বাংলাদেশে সেই আদি যুগেও কিন্তু জাহাজশিল্প ছিল, তারা এখান থেকে জাহাজ রফতানি করতো।’

এই প্রসঙ্গে তিনি আরও যুক্ত করেন, ‘ওই কথা চিন্তা করে আমি তখন বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়ে ছিলাম। এটা সম্পূর্ণ তাদের হাতে। কাজেই আজকে সেখানে আমাদের জাহাজগুলো তৈরি করতে পারছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গভীর সমুদ্র নির্ভর অর্থনীতি কার্যক্রমকে গতিশীল রাখা এবং নিরাপদ রাখা, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিগত নিরাপত্তায় আজকের কমিশনকৃত জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ এবং ঘাঁটি কমিশনের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল।’

এই সময় প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানোর জন্য রোভার ক্রাফট, ড্রোন এবং সকল আবহাওয়ায় চলাচলে সক্ষম ৩৫০০ টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সংগ্রহ করার উদ্যোগের কথা জানান। তিনি নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও খুলনা শিপইয়ার্ডের কথা তুলে ধরেন এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় আরেকটি ডকইয়ার্ড নির্মাণের কথা জানান।

এরআগে প্রধানমন্ত্রীর পক্ষে কোস্টগার্ডের মহাপরিচালক অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান হস্তান্তর করেন। এরপর ঘাঁটির নাম ফলক উন্মোচন করা হয় এবং কমিশনিং ঘণ্টা বাজানোর মাধ্যমে যাত্রা শুরু হয়। কমিশনিং শেষে জাহাজগুলোর সফল ও নিরাপদ যাত্রার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here