করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছে, যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হলো মোট ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন। আর এই ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন, যা এ যাবতকালের ২য় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় মোট নয় হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২২৬টি পরীক্ষাগারে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৯৮টি নমুনা।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৯০ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।









