শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২৪ মরদেহ হস্তান্তর, নিখোঁজ ৩৩

0
189

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৩৩ জনের নিখোঁজ তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে প্রশাসন। ডুবে যাওয়া লঞ্চ সাবিদ আল হাসান থেকে ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুই বেশি। নিহতদের মধ্যে বেশিরভাগের বাড়ি মুন্সিগঞ্জে। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুরেরও কয়েকজন রয়েছেন।

নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন-রুনা আক্তার (২৪), সোলেমান বেপারী (৬০), বেবি বেগম (৬০), সুনিতা সাহা (৪০), বিকাশ সাহা (২২), অনিক সাহা (১২), আনোয়ার হোসেন (৫৫), মাকসুদা বেগম (৩০), ছাউদা আক্তার লতা (১৮), পখিনা (৪৫), বিথি (১৮), আরিফা (১), প্রতীমা শর্মা (৫৩), শামসুদ্দীন (৯০), রেহেনা বেগম (৬৫), হাফিজুর রহমান (২৪), তাহমিনা (২০), আব্দুল্লাহ (১), নারায়ণ দাস (৬৫), পাবর্তী রানী দাস (৪৫), ইউসুফ কাজী (৪৪), সোহাগ হাওলাদার (৩৫), আব্দুল খালেক (৭০), জিবু (১) খাদিজা বেগম (৫০), নয়ন (১৯) ও সাদিয়া (১৮)।

এছাড়া নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মানসুরা (৭), তানভীর হোসেন হৃদয় (১৭), রিজভী (২০), জাকির (৪৫)।

রোববার সন্ধ্যায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। প্রায় ১৮ ঘণ্টার চেষ্টায় লঞ্চটিকে ডাঙ্গায় তোলায় হয়। দুপুরে বিআইডাব্লিউটিএ’র মহাপরিচালক কমোডর সাদেক উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত নদীতে লাশের খোঁজ চালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ বারিক জানান, স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে ৩৩ জন নিখোঁজের একটি তালিকা করা হয়েছে। দুপুরে উদ্ধার হওয়া ২৪ জনকে শনাক্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে।

লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসন থেকে খোলা কন্ট্রোল রুম সূত্র জানায়, নিহতদের একটি তালিকা করা হয়েছে। লঞ্চডুবির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করে সাবিত আল হাসান। কিছু দূর যাবার পরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। সৈয়দপুর এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাছে একটি কার্গো জাহাজ এটিকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চ থেকে কেউ কেউ সাঁতরে পাড়ে উঠতে পারলেও অনেকেই লঞ্চের সাথেই তলিয়ে যান।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, জাহাজটি থেকে সব লাশ বের করা হয়েছে। দুপুরে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলেও বিকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here