দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। গত এক দিনে দেশে ৭ হাজার ৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে। আর তাদের মধ্যে মোট ৯ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে।
আগের দিন রোববার দেশে ৭ হাজার ৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, যা ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যায় এ যাবৎকালের রেকর্ড। সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন ও বাড়িতে দুইজন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৮ জন। মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন এবং ষাটোর্ধ ৩২ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে- মৃত ৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ২৩৯টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ২ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।









