বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

0
59

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। কোম্পানি তিনটি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিকিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিক্স। পরিচালক নিয়োগ করে ৩১ ডিসেম্বর আদেশ জারি করেছে সংস্থাটি।

স্বতস্ত্র পরিচালক নিয়োগের ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত এবং মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত হয়েছে। এই পরিচালকদের নিয়োগ ৩১ ডিসেম্বর কমিশনের জারি করা আদেশের মাধ্যমে কার্যকর হয়েছে। তারা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গত ১১ ডিসেম্বর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিসমূহে বিএসইসি স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২৯ ডিসেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।

যারা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন- বেক্সিমকো লিমিটেডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফিনিজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালট্যান্ট শেখ নাহার মাহমুদ ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। আলোচ্য নয় স্বতন্ত্র পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডেরও স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন। এছাড়া শাইনপুকুর সিরামিকস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মির্জা আমিনুর রহমান, এম নুরুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও আনোয়ার হোসেনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বিএসইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here