ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত যুক্তরাষ্ট্র

0
53

ইসরায়েলের কাছে প্রায় ৭৪০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে গতকাল শুক্রবার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে, এ বিক্রির বিষয়ে আরও তথ্য না পাওয়া পর্যন্ত তা স্থগিত রাখার অনুরোধ করেছিলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে ৬৭৫ কোটি ডলারের গোলাবারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রির পরিকল্পনা রয়েছে। বোয়িংসহ কয়েকটি বড় মার্কিন ঠিকাদার প্রতিষ্ঠান এসব সামরিক সরঞ্জাম সরবরাহ করবে।

এছাড়া, এই প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে ৬৬ কোটি ডলারের হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথাও বলা হয়েছে, যা সরবরাহ করবে লকহেড-মার্টিন্সসহ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করেছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং কংগ্রেসের সদস্যদের সঙ্গেও আলোচনা করেন।

নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য গ্রেগরি মেকস বলেছেন, “অস্ত্র বিক্রির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কংগ্রেসের দীর্ঘ পর্যালোচনার যে রীতি রয়েছে, সেটি ভঙ্গ করায় আমি নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন প্রক্রিয়ায় কংগ্রেসের যথাযথ সম্মান দেখানো হয়নি। তবে, বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ, যদিও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছিলেন।

এ বছরের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কংগ্রেসকে ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পরিকল্পনার কথা জানায়। সে সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, এ ধরনের অস্ত্র বিক্রির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার আগে কংগ্রেস ও সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি বিষয়টি পর্যালোচনা করার সুযোগ পায়।

এরই মধ্যে গত ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here