এক বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরেছিলেন কেনা মাফাকা। ২০ বছর বয়সী এই বাঁহাতি ফাস্ট বোলার নামিবিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেটা করতে গিয়েই আবার ছিটকে গেলেন।
দক্ষিণ আফ্রিকার পেস বিভাগে আরেকবার চোটের ধাক্কা লাগল। ট্রেনিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন মাফাকা। তার জায়গায় লিজাড উইলিয়ামসকে নিশ্চিত করা হয়েছে।
হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে কাগিসো রাবাদা, ওটনিল বার্টম্যান ও লুঙ্গি এনগিডি অস্ট্রেলিয়া সিরিজ থেকে সাইডলাইনে চলে গেছেন। বার্টম্যানের বদলে ডুয়ান ইয়ানসেন, এনিগিডির বদলি এনকোবানি মোকোয়েনাকে নেওয়া হয়েছে।
মাফাকার স্থলাভিষিক্ত উইলিয়ামসের ওয়ানডে অভিষেক ২০২১ সালে। মোট আটটি ম্যাচ খেলেছেন। বর্তমান দলে তিনিই অন্যতম অভিজ্ঞ পেসার। অন্যের চোটে সুযোগ পাওয়া ইয়ানসেন ও মোকোয়েনা দুজনে মিলে মাত্র চারটি ওয়ানডে খেলেছেন। দলে অন্য পেসার জেরাল্ড কোয়েটজি। কিন্তু ২০২৩ সালের নভেম্বর থেকে তিনি খেলেননি। বলা যায়, একের পর এক চোটে অস্ট্রেলিয়ার সামনে দুর্বল পেস বিভাগ নিয়েই দাঁড়াতে হচ্ছে প্রোটিয়াদের।
আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানে শুরু হবে সিরিজ। ২৭ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।









