পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

0
1

সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসীমূলক অপরাধ সংঘটিত করায় তাদের দণ্ড কার্যকর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা ‘বিদেশি সন্ত্রাসী সংস্থায় যোগদান, নিরাপত্তাবাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া, নিজেদের কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলা চালানোর জন্য অর্থায়ন এবং সমর্থনে জড়িত ছিলেন।”

এই পাঁচজনের নামও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ। তারা সবাই সৌদি আরবের নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরে তাদের বিচারবিভাগে সোপর্দ করা হয়। সেখানে অভিযোগের ভিত্তিতে ‘তাজির’ হিসেবে তাদের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। পরে আপিল আদালত এবং সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরে শরিয়াহ আইন অনুযায়ী দণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়।

গতকাল শনিবারই পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here