গত কাল শুক্রবার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ৮ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। রুশ বাহিনী দুটি শপিং সেন্টারে আঘাত হেনেছে এবং জ্বালানি অবকাঠামোয় হামলার ফলে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় রুশ হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। এর আগে তিনি নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যার দিকে রাশিয়ার আরও হামলায় নয়জন আহত হয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে রুশ হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রুশ হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখেরও বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন তাদের মেরামত কর্মীরা। তবে বর্তমানে কতজন মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন, তা স্পষ্ট নয়।
গভর্নর রোমান রোমানিউক জানিয়েছেন, পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। তিনি জানান, সকালে ৩ লাখ ৭০ হাজার মানুষ সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন, যার মধ্যে ১ লাখ মানুষ পরে পুনরায় বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।
ভোলিন অঞ্চলের রাজধানী লুটস্কে অন্তত ২৪ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট থাকতে পারে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন মেয়র আন্দ্রি রাজুমোভস্কি।
রোমানিউক জানান, সারাদিন ধরে ড্রোন হামলা অব্যাহত ছিল। কোভেল শহরে একটি কাস্টমস টার্মিনালে ড্রোন আঘাত হানে, যার ফলে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়। কোভেল শহরটি কিয়েভ থেকে পোল্যান্ডগামী একটি প্রধান মহাসড়কের ওপর অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, আরও অন্তত দুটি শপিং সেন্টারে হামলা চালানো হয়েছে—যার একটি সম্মুখসারির কাছাকাছি অবস্থিত উত্তরাঞ্চলীয় শহর সুমিতে এবং অন্যটি পার্শ্ববর্তী রিভনে অঞ্চলে। শপিং মল ও বাজার লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
সুমির জরুরি পরিষেবার দেওয়া ছবিতে দেখা যায়, মেঝেতে রক্ত ছড়িয়ে আছে এবং শপিং সেন্টারের প্রবেশপথটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে একটি বড় শপিং সেন্টারসহ অন্যান্য স্থানে ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রিভনে শহর ও এর আশপাশের এলাকায় জ্বালানি অবকাঠামোর ওপর হামলার পর সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সূত্র : রয়টার্স।









