স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে মোবাইলে লক্ষ-লক্ষ টাকা চাঁদাদাবি’র অভিযোগে পুলিশ আলোচিত গ্রেনেড বাবু/ডন বাবু ওরফে ইয়ামিন(৩০) দম্পত্তিসহ ৩ জনকে গ্রেফতার করেছেন। পুলিশ জানান, ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের রামপাল থানা পুলিশের সহযোগিতায় একই থানার শরাফপুর থেকে গ্রেনেড বাবু দম্পত্তি ও একই সাথে তার মা’কে গ্রেফতার করা হয়।
সে শরাফপুরের মোল্লা ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানান, স্ত্রী’র সিম ব্যবহার করে গ্রেনেড বাবু পরিচয় দিয়ে গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাডঃ আব্দুস সাত্তারের কাছে ১০ লাখ টাকা ও সমিতির সম্পাদক এ্যাডঃ আক্কাচ আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করেন। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হলে জীবন নাশের হুমকিও দেওয়া হয়।
পুলিশ আরোও জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসনারা আহমেদ বিনতে ময়নার কাছেও মোবাইলে হুমকি দিয়ে চাঁদাদাবি করা হয়।
পৃথক ঘটনায় সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুস সাত্তার ও সম্পদক এ্যাডঃ আক্কাচ আলি ২৭ অক্টোবর থানায় পৃথক-পৃথক চাঁদাবাজির মামলা করেন, যার নং-২৭ ও ২৮। অন্যদিকে ডাঃ আহসানারা আহমেদ বিনতে ময়না থানায় একটি জিডি করেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, মোবাইলে কথোপকথনের সুত্র ধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওসি স্যারের নেতৃত্বে গ্রেনেড বাবু ও তার স্ত্রী সহ বাবুর মা’কে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরোও জানান, গ্রেনেড বাবুর বিরুদ্ধ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ অন্যান্য ধারায় একাধিক মামলা আছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, এ চক্রটি গ্রেনেড বাবু পরিচয়ে ডাক্তার,দু’আইনজীবী’র কাছে মোবাইলে চাঁদাদাবি করে এবং শেষ পর্যন্ত গ্রেনেড বাবু’কে গ্রেফতার করতে পেরেছি। তিনি আরোও বলেন, এ চক্রের সাথে আর কারা-কারা জড়িত আছে অতি দ্রুত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।









