“আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী। এবং আমি ওই বাদশাকে ভালোবাসি, বাদশা সালমান। কিন্তু আমি তাকে বলেছি- ‘বাদশা, আমরা আপনাকে রক্ষা করছি, আমাদের ছাড়া আপনি সেখানে (ক্ষমতায়) হয়তো দুই সপ্তাহও টিকতে পারবেন না, আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে,’” সমর্থকদের উদ্দেশ্যে বলেন ট্রাম্প।
মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ক্ষমতায় ‘দুই সপ্তাহও টিকতে পারবেন না’ বলে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প চাঁচাছোলা এসব কথাবার্তা বললেও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে ইরানের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে সৌদি আরব প্রতীরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।
প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর নিজের প্রথম আন্তর্জাতিক সফরেও প্রথমে সৌদি আরব গিয়েছিলেন ট্রাম্প।
মঙ্গলবার মিসিসিপির সাউথহ্যাভেনে এক সমাবেশে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেশ সৌদি আরবকে নিয়ে কূটনৈতিক শিষ্টাচারবর্জিত এ মন্তব্য করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তবে কবে সৌদি আরবের শাসনকর্তাকে তিনি এ কথা বলেছেন তা জানাননি ট্রাম্প।





