দেশইনফো ডেস্ক: সপ্তম দিনের মতো রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ সময় জানান, সরকার তাদের ৯ দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এমন কর্মসূচি অব্যাহত থাকবে। সড়কে কোনো অবৈধ যান চলতে দেওয়া হবে না।
আজ সকাল সাড়ে ১০টার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্নস্থানে জড়ো হতে থাকে।
রাস্তায় অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন আটকে গাড়ির কাগজপত্র এবং চালকদের লাইসেন্স পরীক্ষা করেন। তবে বরাবরের মতো তারা সহযোগিতা করেছেন অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহনকে।
মতিঝিল: মতিঝিলে অবস্থান নিয়েছে নটরডেম, মতিঝিল সেন্ট্রাল কলেজ, আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
ফার্মগেট: ফার্মগেট মোড়েও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে ফার্মগেট ও আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে জড়ো হন। ফার্মগেটে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কোনো লাইসেন্স যাচাই করছে না। তবে তারা যান চলাচলের সুবিধার্তে তিনটি লেন তৈরি করেছে।
মিরপুর: মিরপুরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজকের বিক্ষোভে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখা গেছে।সেইসঙ্গে গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উৎসাহিত করছেন তারা।এত পুলিশ তাদের সহায়তা করছেন।বেলা ১১টার দিকে মিরপুর-২ থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে এসে গোলচত্বরে জড়ো হন। সেখানে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মান বলেন, তারা বিকাল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন।এর আগে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে তাদের দাঁড়াতে দেয়নি শ্রমিক লীগ।শ্রমিক লীগের কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের অবস্থান নিতে বাধা দেয়।বিক্ষোভে অংশ নেয়া পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব বলেন, মিরপুর-১০ নম্বরের গোলচত্বরে আমাদের দাঁড়াতে দেয়নি। পরে বড় মিছিল আসলে তারা সরে গেছেন।
উত্তরা: সকাল ১০ থেকে হাউজ বিল্ডিংয়ের সামনে বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সড়কে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা।সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা নর্থ টাওয়ারের সামনে এসে পুলিশের বেরিকেড ভেঙে সড়ক অবরোধ করেন। তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামাড়পারা থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।তারা উই ওয়ান্ট জাস্টিস, শাহজাহান খান পদত্যাগ কর-লেখা প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষোভে এশিয়ান ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, আইইউবিএটি ইউনিভার্সিটি, মাইলস্টোন কলেজ, উত্তরা হাইস্কুল, টঙ্গী সরকারি কলেজ, বঙ্গবন্ধু সরকারি কলেজ, উত্তরা কমার্স কলেজসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এদিকে, সারাদেশে নিরাপদ সড়কের দাবির অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগের সদস্যরা। আজ শনিবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে একটির চাপা পড়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।