পাবনা প্রতিনিধি : ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার চড়ইকোল উচ্চ বিদ্যালয়ে জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, শিক্ষা জীবন থেকেই নৈতিকতার পাঠ গ্রহণ করতে হবে। একজন শিক্ষার্থী তার জীবনে কেমন মানুষ হবে তার শিক্ষা দিতে হবে এখন থেকেই। যে শিক্ষার্থী নীতি নৈতিকতার দিক দিয়ে যত সততার পরিচয় দেবে, সে তার জীবনে তত বড় মনের ভাল মানুষ হতে পারবে। এজন্য শিক্ষকের পাশাপাশি পরিবারেরও ভূমিকা রয়েছে। সততা স্টোর থেকেও শিক্ষার্থীরা নৈতিকতার প্রথম শিক্ষা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, উপ-সহকারি পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান ও দশম শ্রেণীর ছাত্রী সাইমুমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র।