উত্তর কোরিয়া-রাশিয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

0
63

উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত একটি আইন স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে এটি আইনে পরিণত হলো।এটিতে পারস্পরিক প্রতিরক্ষায় সহযোগিতার বিধান রয়েছে। শনিবার (৯ নভেম্বর)মস্কোর সরকারি ওয়েবসাইটে আইনগত প্রক্রিয়াগুলোর সঙ্গে এটি প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর গত জুন মাসে পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে একে অপরের সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাশিয়ার সংসদের উচ্চকক্ষ এই সপ্তাহে চুক্তিটি অনুমোদন করেছে। আর গত মাসে নিম্নকক্ষ এটি অনুমোদন দিয়েছে। পুতিন এই অনুমোদনের জন্য একটি ডিক্রি স্বাক্ষর করেছেন।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠছে।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা দেশগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা রুশ হামলার স্থানে এই অস্ত্রের চিহ্ন খুঁজে পেয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ১১ হাজার সেনা পাঠিয়েছে। তাদের মধ্যে কিছু সেনা কিয়েভের বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়া এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here