আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের প্রেরণা নিয়ে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ দুপুর দুইটায় বাংলাদেশ দল মাঠে নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তবে ফরম্যাট ও কন্ডিশন ভিন্ন হওয়াতে সতর্ক বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি সিরিজ নিয়ে জ্যোতি গণমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’
ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর ২০ ওভারেও ফেভারিট স্বাগতিকরা। অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে র্যাঙ্কিংয়ের হিসেব দুশ্চিন্তা বাড়াবে স্বাগতিকদের। সংক্ষিপ্ততম ফরম্যাটে আরও বেশি শক্তিশালী আইরিশরা। তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা জ্যোতি।
তবে জয়ের ধারা বজায় রাখতে হলে ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাবো তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম ম্যাচটা ভালো করলে আমরা পুরো সিরিজে ভালো করতে পারবো।’
এদিকে, কুড়ি ওভারের ক্রিকেটে কয়দিন আগে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা থাকা আইরিশদের প্রত্যাশা পেসবান্ধব উইকেটের। পছন্দের ফরম্যাটে জয় দিয়ে শুরুর লক্ষ্য সফরকারীদের। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস বলেন, ‘জিততে চাই। অন্তত শেষ সামারে আমাদের খেলার ধরণ আর সাফল্যের হিসেব টানলে টি-টোয়েন্টিতে আমরা আত্মবিশ্বাসী। মিরপুরের বিবেচনায় সিলেটে ভালো উইকেটের প্রত্যাশা থাকবে।’





