ঢাকা পর্বের শুরুতেই ধাক্কা খেল বিপিএল। দিনের প্রথম ম্যাচে বেলা ১টায় মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়দের। তবে মাঠে আসেনি কোন দলেরই টিম বাস।
এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর তার পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বোর্ড থেকে নাজমুল পদত্যাগ না করায় একই সময়ে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। আর তাই দলের বিদেশি খেলোয়াড়দের হোটেলে রেখে দেশি ক্রিকেটাররা মাঠের বদলে গেছেন শেরাটনে। তাই প্রথম ম্যাচ যে মাঠে সময়মত গড়াচ্ছে না তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়।
এ বিষয়ে বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অবশ্যই এই কথাটি অনাকাঙ্ক্ষিত। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সাপোর্ট করি না। উনাদের (ক্রিকেটারদের) বুঝিয়েছি, এখন যদি মাঠে আসে খেলা হবে। তবে প্রথম ম্যাচটা সময়মতো হওয়ার সম্ভাবনা কম।
সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের।





