ক্রোয়েশিয়াকে পেয়েই জ্বলে উঠল ব্রাজিল

0
24

সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। সর্বশেষ ফ্রান্সের কাছেও হেরে যায় কার্লো আনচেলত্তির দল। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ সময় সকালে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লভ্র মায়েরের গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ৪ মিনিটে ইগর থিয়াগোর পেনাল্টি থেকে করা গোল ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

মার্চের আন্তর্জাতিক উইন্ডো জয় দিয়েই শেষ করল কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল ভিনিসিয়াস জুনিয়ররা। এদিন বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৪৫ শতাংশ বল পজেশন রেখে ১১টি শট নিয়েছে সেলেসাওরা, যার ৭টিই লক্ষ্যে ছিল। অন্যদিকে ক্রোয়েশিয়ার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পথেই ছিল। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। তবে এই গোলে বড় অবদান ভিনিসিয়াস জুনিয়রের।

নিজেদের রক্ষণভাগ থেকে ক্লিয়ার হওয়া বল বাঁ প্রান্তে পান ভিনিসিউস। গতিশীল দৌড়ে সঙ্গে থাকা মার্কারকে ছিটকে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ড্রিবলিং করে ক্রোয়েশিয়ার তিন খেলোয়াড়কে পরাস্ত করে পাস বাড়ান। পেছন থেকে দৌড়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে জালে জড়ান দানিলো।

ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ থাকার পর আজ ম্যাচজুড়েই ক্রোয়াট রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন ভিনি। তবে ৬৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি।দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে গোল করে বসেন মায়ের। ম্যাচ তখন ড্র হবে বলেই মনে হচ্ছিল।

কিন্তু নাটকের শুরু তখনই। ৮৮ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করেন থিয়াগো। আর ৯২ মিনিটে ক্রোয়াটদের কফিনে শেষ পেরেক ঠোকেন মার্তিনেল্লি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here