এবারও বিশ্বকাপে নেই ইতালি

0
19

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবলে আবারও নেমে এল হতাশা। প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজ্জুরিরা। এর মাধ্যমে লজ্জার এক ইতিহাসও গড়ল দলটি। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপজয়ী দল টানা তিনটি আসরে মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো।

জেনিৎসায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরুটা দারুণ করেছিল ইতালি। ম্যাচের ১৫ মিনিটেই ময়েসে কিনের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে দলটি। বিশেষ করে প্রথমার্ধের বিরতির ঠিক চার মিনিট আগে বসনিয়ার আমার মেমিচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। দশ জনের দলে পরিণত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয় তাদের।

ইতালির একজন খেলোয়াড় কম থাকার সুযোগ পুরোপুরি কাজে লাগায় স্বাগতিক বসনিয়া। ৭৯ মিনিটে হারিস তাবাকোভিচের দারুণ এক গোলে সমতায় ফেরে তারা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে।

টাইব্রেকারে ইতালির পিও এসপোসিতোর নেওয়া প্রথম শটটিই বারপোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর ব্রায়ান ক্রিস্তান্তের শটও বারে লেগে ফিরে আসে। অন্যদিকে নিজেদের শটগুলো নিখুঁতভাবে জালে জড়ায় বসনিয়া। শেষ দিকে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বোকা বানিয়ে জয়সূচক শটটি জালে জড়ান এসমির বাইরাকতারেভিচ। নিশ্চিত হয় বসনিয়ার ঐতিহাসিক জয়।

এই জয়ে ২০১৪ সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ২০২৬ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলবে তারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here