ভেঙে দেয়া হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

0
1

শ্রীলঙ্কা ক্রিকেটে দীর্ঘদিনের চলমান অস্থিরতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল দেশটির সরকার। দুর্নীতির অভিযোগে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাম্মি ডি সিলভা। তার সঙ্গে পুরো পরিচালনা পর্ষদই পদত্যাগ করতে বাধ্য হয়েছে।

টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেটের হর্তাকর্তা ছিলেন শাম্মি ডি সিলভা। এর মধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাচারিতা, আর্থিক দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগ করে আসছিলেন সমর্থক ও সাবেক ক্রিকেটাররা।

বোর্ড কর্মকর্তাদের বিতর্কের পাশাপাশি মাঠের পারফরম্যান্সও ছিল শোচনীয়। সম্প্রতি ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দেয় লঙ্কানরা। গ্রুপ পর্বে খর্বশক্তির জিম্বাবুয়ের কাছে পরাজয় এবং সুপার এইটে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারার ব্যর্থতা দর্শকদের ক্ষোভকে চরমে পৌঁছে দেয়। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন দৈন্যদশা সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছিল।

এর আগে ২০২৩ সালেও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। মাস দুয়েক পর সেই নিষেধাজ্ঞা উঠলেও বোর্ডের অভ্যন্তরীণ সংকটের সমাধান হয়নি। বরং জনমানুষের ক্রমবর্ধমান ক্ষোভ দমনে এবং দেশের ক্রিকেটকে ঢেলে সাজানোর লক্ষ্যেই এবার সরকার সরাসরি হস্তক্ষেপে বাধ্য হয়েছে।

শ্রীলঙ্কা সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ করবে ক্রিকেট বোর্ডে, যার প্রধান হতে পারেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে। সংস্কার কার্যক্রম গতিশীল করতে এই কমিটিতে দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here