পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বেশ উঠে পড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পিসিবির এক বিবৃতি অনুযায়ী আগামী অক্টোবরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলতে আসবে নিউজিল্যান্ড।
সিরিজটির ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হলেও এটি পাকিস্তানে আয়োজন করার জন্য নিউজিল্যান্ডকে অনুরোধ জানিয়েছে পিসিবি। কিন্তু পাকিস্তান সফর করবে কিনা তা ভেবে-চিন্তে জানাবে বলেছে কিউই বোর্ড।
শেষ ২০০২ সালে পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড। সেই সফরটির দ্বিতীয় টেস্টের দিন সকালে নিউজিল্যান্ড টিমের হোটেলের বাহিরে এক বোমা বিস্ফোরণে ১৫ জন মারা যায়। তারপর থেকে আর নিউজিল্যান্ড যায়নি পাকিস্তানে।
আসন্ন সফর নিয়ে নিউজিল্যান্ড বোর্ডের একজন মুখপাত্র বলেন,‘পাকিস্তানে ক্রিকেটে খেলতে যাওয়ার জন্য নিউজিল্যান্ড পিসিবি চেয়ারম্যানের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছে। এই মুহুর্তে এনজেডসি নিরাপত্তা প্রদানকারীর, সরকার এবং খেলোয়াড়দের সাথে এই অনুরোধ নিয়ে আলোচনা করছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে আমরা পিসিবিকে সাড়া দেব’।