সালাহ উদ্দিন: ইন্দোনেশিয়ান পররাষ্ট্রমন্ত্রী আদম মালিক একাত্তুরের ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারন পরিষদের ২৬ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ১ দিন পরেই তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় এই সমস্যা সমাধানে পাকিস্তানের উপর জোর খাটানো যায় না।
এদিন, ইসলামী ছাত্রসংঘ আয়োজিত অনুষ্ঠানে মতিউর রহমান নিজামী বলেন মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে। কারণ তারা ইসলামকে ভালবাসে। পাকিস্তানকে ভালবাসে। অথচ এই মাদ্রাসা ছাত্ররাই সবচাইতে অবহেলিত। পক্ষান্তরে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা সত্বেও পাকিস্তানকে ধ্বংস করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে।
এদিন সন্ধায় গভর্নর মালিক সংবাদপত্রের সম্পাদক ও বার্তা সংস্থা সমুহের প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি তাহাদের সাথে খোলাখুলি আলাপ করেন। বৈঠকে প্রচারণার কৌশল নির্ধারণ করে দেয়া হয়। ঐ সময়ে চালু পত্রিকা ছিল সংগ্রাম , আজাদ, ইত্তেফাক, অবজারভার, দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ, উর্দু ওয়াতান, বার্তা সংস্থা এপিপি ছিল।
এদিকে, পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো করাচীতে ঘোষণা করেন, তাঁর দল পূর্ব পাকিস্তানের উপনির্বাচনে অংশ নেবে। তিনি জানুয়ারির আগেই দেশে পূর্ণ সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে একই সাথে কেন্দ্র ও প্রদেশসমূহের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করতে হবে। উল্লেখ্য আগের ২ দফা নির্বাচনে এই অংশে পিপিপি নির্বাচনে অংশ গ্রহন করে নাই। যদিও তাদের এই অংশে কমিটি ছিল এবং ইস্কাটনে তাদের অফিসও আছে।
অন্যদিকে গভর্নর ডা: এ.এম. মালিকের সভাপতিত্বে সেক্রেটারিয়েটের কেবিনেট কক্ষে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত মন্ত্রীরা তাদের পাকিস্তান প্রীতির নিদর্শন হিসেবে নিজেদের বেতন ভাতা কমিয়ে নেয়।