ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস পদ থেকে পদত্যাগ করবেন না ছাত্রলীগের সদ্য পদচ্যুত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
ঢাবি সিনেট থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পদত্যাগের পর তিনিও পদত্যাগ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, তাহলে কেন ডাকসুর জিএস পদ থেকে পদত্যাগ করব’।
দিকে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংগঠনের নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারানো গোলাম রাব্বানী। গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ ক্ষমা চান তিনি। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্যপদ থেকে পদত্যাগ করেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে শোভন ও রাব্বানী সংগঠনের শীর্ষ পদ হারান। গত শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনার পর দলের সভাপতি শেখ হাসিনা এ দুই নেতার পরিবর্তে আল নাহিয়ান খান জয়কে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
রাব্বানী বলেন, ‘আজকে একটি টেলিফোন রেকর্ড ভাইরাল হয়েছে। কই সেখানে এ ধরনের কোনো অভিযোগ আসেনি’।
ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘জাহাঙ্গীরনগরের ভিসি ম্যামও আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির কোনো অভিযোগ করেননি’।
আমি চাঁদা চাইলে ভিসি ম্যামের কাছে কেন চাইবো? চাঁদা দাবি করলে তো ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে দাবি করব। কই কোনো ঠিকাদার প্রতিষ্ঠান তো এ অভিযোগ আনেননি।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে গোলাম রাব্বানী বলেছেন, ‘বুকে হাত দিয়ে বলতে পারি গর্হিত কোনো অপরাধ করিনি।’স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিনি।









