প্রথমে এরিক গার্সিয়া, তারপর রাফিনিয়া। আন্তর্জাতিক বিরতিতে শেষ ২৪ ঘণ্টার মধ্যে দুই খেলোয়াড়কে নিয়ে ইনজুরির খবর পেয়েছে বার্সেলোনা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাঁটুর অস্বস্তি নিয়ে স্পেনের স্কোয়াড থেকে সরে দাঁড়ান এরিক গার্সিয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালে ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। হাফটাইমে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তাকে নিয়ে এই ইনজুরি আতঙ্কে বার্সেলোনা, বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা উদ্বিগ্ন। এবার তারা অনতিবিলম্বে রাফিনিয়াকে কাতালুনিয়ায় ফেরত পাঠাতে ব্রাজিলকে অনুরোধ করেছে।
আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল শেষ ম্যাচ খেলবে ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচে রাফিনিয়াকে না খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যদিও মেডিক্যাল রিপোর্টে এই ফরোয়ার্ডের গুরুতর ইনজুরি ধরা পড়েনি। তাই জাতীয় দলের সঙ্গে তার থাকা কিংবা কাতালুনিয়ায় ফেরত পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না সেলেসাওরা।
তবে বার্সেলোনা চাইছে না রাফিনিয়ার সেরে ওঠার ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া হোক। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে গেতাফের বিপক্ষে খেলবে কাতালান জায়ান্টরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দ্রুত ফেরাতে পারলে ওই ম্যাচের আগে তার শতভাগ ফিটনেস পুনরুদ্ধারে ভালো সময় পাওয়া যাবে।
আগামী এক-দুই দিনের মধ্যে রাফিনিয়াকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি নিজে ও সিবিএফ মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে বার্সেলোনা আশাবাদী, রাফিনিয়াকে আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার আগেই তারা ফেরত পাবে।









