ইরান-ইয়েমেন নিয়ে মার্কিন শীর্ষ কর্তাদের বৈঠক

0
2

ইরান যুদ্ধ ও ইয়েমেনে সৌদি আরব-হুতি সংঘাত নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গোপনে বৈঠক করেছেন। শুক্রবার ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টা ধরে এই বৈঠক হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বৈঠকটি আগে থেকে ঘোষণা করেনি ট্রাম্প প্রশাসন। এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সভাপতিত্ব করেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও বৈঠকে ছিলেন।

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে আলোচনা করা হয়েছে। কিছু বিষয়ে সিদ্ধান্তও হয়ে থাকতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এ ধরনের বৈঠক খুবই বিরল। এর আগে ২০২৫ সালের জুনে ক্যাম্প ডেভিডে একই ধরনের বৈঠক হয়েছিল। এর কয়েক দিন পরই ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।

এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে ইরান চুক্তিতে সই করবে, নাকি দেশটি আর টিকে থাকবে না।

একই সময়ে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের পরিকল্পিত সামরিক অভিযানেও যুক্তরাষ্ট্রকে যুক্ত করার জন্য ট্রাম্পের ওপর চাপ রয়েছে। সৌদি আরব হুতিদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প এখন পর্যন্ত ওই হামলায় সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে অনাগ্রহী বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, পরিস্থিতি বদলালে ট্রাম্প সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। শুক্রবার ক্যাম্প ডেভিডে তার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক চলার সময় সাংবাদিকেরা ট্রাম্পকে ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

ট্রাম্প জানান, তিনি এখনই তা জানালে সেটি বড় খবর হয়ে যাবে। তবে তিনি বলেন, পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং ইরান ভালো অবস্থায় নেই।

সূত্র: অ্যাক্সিওস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here