অনিশ্চয়তায় আর্জেন্টিনা-বুরকিনা ফাসো প্রীতি ম্যাচ

0
2

বুয়েনস আইরেসে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও শেষ মুহূর্তের অনিশ্চয়তায় পড়েছে বুরকিনা ফাসোর প্রীতি ম্যাচটি। এক প্রতিবেদনে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে জরুরি ভিত্তিতে একটি চার্টার্ড ফ্লাইটে করে বুরকিনা ফাসো দল বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা হলেও, ম্যাচের ভবিষ্যৎ নিয়ে রয়ে গেছে বড় ধরনের শঙ্কা। মরক্কোয় দীর্ঘ ভ্রমণ জটিলতা এবং দলের অভ্যন্তরীণ কোন্দল ও খেলোয়াড়দের ম্যাচ বর্জনের ঘটনায় এই প্রীতি ম্যাচটি এখন ঘোর অনিশ্চয়তার মুখে।

গত ৩০ সেপ্টেম্বর মরক্কো থেকে বুয়েনস আইরেসের নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি হুট করে বাতিল হয়ে যাওয়ায় টানা কয়েক দিন আটকে ছিলেন বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা। শেষ মুহূর্তে শুক্রবার রাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা হলেও বুয়েনস আইরেস পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টার দীর্ঘ বিমান ভ্রমণের প্রয়োজন। ফলে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম বা প্রস্তুতির কোনো সুযোগই থাকছে না।

পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে বুরকিনা ফাসোর অভ্যন্তরীণ সংকটের কারণে। অনুসন্ধানী সাংবাদিক রোমেন মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, দলের অব্যবস্থাপনা ও আর্থিক বিরোধের কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন এবং তারা আর্জেন্টিনা সফরে যাচ্ছেন না।

এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) জানায়, ৩০ সেপ্টেম্বর নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি আগাম নোটিশ ছাড়াই বাতিল হওয়ায় জাতীয় দলের যাত্রায় বিঘ্ন ঘটে। এর ফলে পুরো ভ্রমণসূচি নতুন করে সাজাতে হয়।

ফেডারেশন আরও জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও ফেডারেশন যৌথভাবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালালেও দীর্ঘ ভ্রমণক্লান্তি ও নানা সীমাবদ্ধতার কারণে খেলোয়াড়দের মাঝে ম্যাচটি খেলার বিষয়ে তীব্র অনীহা তৈরি হয়েছে। ফলে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে খোদ ইভেন্ট আয়োজকরাও সংশয়ে রয়েছেন।

সূত্র: গোলডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here