আর্সেনালের জার্সিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন ভিক্টর ইয়োকেরেস। অথচ গত মৌসুমে দলকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করতে ৩৬ ম্যাচ খেলে ১৪ গোল করেছিলেন। মিকেল আর্তেতা হয়তো তার ওপর আস্থা রাখতে পারছেন না। কিন্তু সুইডেনের জার্সিতে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন।
এবার উয়েফা নেশনস লিগে গোলের রেকর্ড ভেঙে আর্সেনালকে কোচকে নিজের যোগ্যতা প্রমাণের জোরালো বার্তা দিলেন ইয়োকেরেস। জানিয়ে দিলেন, নর্থ লন্ডনে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে পারেন। শুক্রবার রাতে ২৮ বছর বয়সী এই সুইডিশ ইতিহাস গড়েন। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে এক ঘণ্টার মাথায় রেকর্ড ভাঙেন তিনি। ওই গোলে আর্সেনালের ফরোয়ার্ড অভূতপূর্ব এক মাইলফলক ছোঁন।
ইয়োকেরেস প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি নেশনস লিগ ম্যাচে গোল করলেন। ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে চার গোল করে শুরু। তারপর থেকে আন্তর্জাতিক ম্যাচে নিয়মিত গোল করে চলেছেন। এস্তোনিয়া, স্লোভাকিয়া ও সম্প্রতি রোমানিয়া ও পোল্যান্ডের বিপক্ষে জয়ে জালের দেখা পান। এবার বসনিয়ার জালেও বল জড়ালেন।









