জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। শফিকুর রহমানের মৃত্যুতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের থেকে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের পরিবারের সদস্যবৃন্দ জানিয়েছেন, বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন শফিকুর রহমান। দীর্ঘ কর্মজীবনে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মুহম্মদ শফিকুর রহমান। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়াী লীগের সংসদ সদস্য ছিলেন।









