ভারতীয় ক্রিকেট বোর্ডে নিজের চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তার অধীনে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। বিশ্বমঞ্চের এই জোড়া শিরোপা জয়ের সাফল্যকে পুঁজি করেই চুক্তির মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছেন তিনি।
বর্তমানে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে গম্ভীরের চুক্তি রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ থাকতে চান তিনি। এ জন্যই চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন। এমন হলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও ভারতের ডাগআউটে দেখা যাবে গম্ভীরকে।
চুক্তি বাড়ানোর পাশাপাশি বোর্ডের কাছে আরও একটি বড় দাবি জানিয়েছেন গম্ভীর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমার যাদবকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক রেখে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। যদিও বোর্ড কর্মকর্তাদের একাংশ সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। কিন্তু গম্ভীর ৩৫ বছর বয়সী সূর্যকুমারকেই নেতৃত্বে চাইছেন।
যদিও আরও দুই বছরের জন্য সূর্যকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করার পক্ষে সায় নেই বিসিসিআইয়ের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গম্ভীরের প্রথম দাবিটি মেনে নেওয়ার সম্ভাবনা থাকলেও, অধিনায়কত্ব নিয়ে তার দ্বিতীয় দাবিটি হয়তো এখনই মানছেন না বিসিসিআই কর্তারা।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, ‘বর্তমানে সূর্য টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছে। এজন্য তাকে ব্যাটার হিসেবে তাকে পারফর্ম করতে হবে এবং ধারাবাহিকতা দেখাতে হবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সে অধিনায়ক থাকবে। এরপর আমরা পরিস্থিতি খতিয়ে দেখব। ২০২৮ পর্যন্ত অধিনায়ক থাকাটা সম্পূর্ণ তার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে।’





