গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার না করাকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না।
এদিকে ট্রাম্প আবারো টুইট করে বলেছেন, শেষ পর্যন্ত তিনিই এই নির্বাচনে জিতবেন।
যদিও দেশটির প্রধান প্রধান টিভি চ্যানেলগুলো তার পরাজয়ের খবর দিয়েছে। চার বছর পরপর অনুষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এমন পূর্বাভাস দিয়ে থাকে।
এখন পর্যন্ত রাজ্যভিত্তিক কোনো ফলাফল দাপ্তরিকভাবে ঘোষণা হয়নি। কিছু রাজ্যে এখনো ভোট গণনা চলছে। আগামী ১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজের সভায় চূড়ান্ত ফল আসবে।
মঙ্গলবার তিনি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলরের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এসব টেলিফোনের প্রসঙ্গে বাইডেন বলেন, আমি তাদের জানিয়েছি যে, আমেরিকা আবার ফিরে এসেছে। আমরা আবার খেলায় ফিরতে যাচ্ছি।
এদিকে জো বাইডেন ও কমলা হ্যারিস দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নিলেও ক্ষমতা হস্তান্তর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের প্রধান ডোনাল্ড ট্রাম্পের মনোনীত একজন কর্মকর্তা। তিনি হস্তান্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছেন।
নতুন প্রশাসনের জন্য তহবিল বরাদ্দ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের বিষয়টি নিয়ন্ত্রণ করে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন। এখনও এ প্রতিষ্ঠানটি বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
এ প্রসঙ্গে বাইডেন বলেন, সত্যি কথা বলতে– কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।
প্রসঙ্গত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ২১৪ ভোট পেয়েছেন ট্রাম্প।









